নগরীর বায়েজিদ থানা এলাকায় অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রি করাসহ নানা অপরাধে আরও ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বায়েজিদ বোস্তামী থানাধীন নয়াহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে এআর ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও মেসার্স মনোয়ারা কর্পোরেশন ও অনন্যা ট্রেড সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রি করায় বনফুলকে ১০ হাজার টাকা, নিষিদ্ধ কেমিক্যাল গোলাপ জল খাবারে ব্যবহারের জন্য বিক্রি, ক্ষতিকর রং ও অনুমোদিত ঘি বিক্রি করার অপরাধে সুলতান পাইকারি বাজারকে ২৫ হাজার টাকা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং মিশ্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করায় শাহী চট্টলা ওরস বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
