ঢাকা: সংরক্ষিত নারী আসন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের কার্যক্রম চলমান রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
ওই চিঠিতে বলা হয়েছে, ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন এবং সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগ, নির্বাচন পরিচালনা-২ অধিশাখা, নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১, ২, ৩ এবং নির্বাচন প্রশাসন শাখার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রোস্টার ডিউ মোতাবেক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা/কর্মচারীকে ফোন করলে যথাসময়ে আবশ্যিকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
সংরক্ষিত নারী আসনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর।
বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের তফসিল অনুযায়ী, ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচারণা।
