Published on
:
1 min read
এই সময়: কলকাতা মানেই শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা হাওড়া ব্রিজ নয়। শহরের আসল মেজাজ লুকিয়ে রয়েছে চায়ের আড্ডা, লোকাল ট্রেন, ট্রাম আর ছাদে দাঁড়িয়ে গল্পে মশগুল পাড়ার মানুষদের মধ্যে। সেই চেনা কলকাতাকেই এ বার মণ্ডপে তুলে ধরেছে নরেন্দ্রপুরের কৃষ্টি–সুগম পার্ক পুজো কমিটি। তাদের এ বছরের থিম ‘আমার শহর’।
আবাসনের ৪৯৪টি পরিবারের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই পুজো এ বার ২২ বছরে পা দিল। কুমোরটুলির শিল্পীদের হাতেই আবাসন চত্বরে তৈরি হয়েছে প্রতিমা। মণ্ডপে জায়গা পেয়েছে হলুদ-নীল স্কুলবাস, মন্দির-মসজিদ-গির্জা এবং শালিমার তেল, বোরোলিনের মতো নস্ট্যালজিক অনুষঙ্গও। উৎসবের পাশাপাশি সমাজকল্যাণেও উদ্যোগী এই কমিটি। ২০২৪-এ চালু হওয়া ‘অভয়া স্কলারশিপ’-এর মাধ্যমে আবাসনের কর্মীদের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়া হচ্ছে। এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ দুই পড়ুয়াকে পঞ্চমীতে ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে।
