Published on
:
2 min read
দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে বল হাতে আবারও নিজের দক্ষতার প্রমাণ দিলেন মহম্মদ সামি (Mohammed Shami)। ২০২৬-২৭ মরশুমের প্রথম ম্যাচের প্রথম দিনেই ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন বাংলার এই পেসার। ১৭.৩ ওভার বল করে করেন ৯টি মেডেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করলেও জাতীয় দলে ফেরার ডাক পাননি তিনি। এ বার সেই হতাশাই যেন প্রকাশ পেল সামির কথায়। অন্য দিকে, দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফিরেছেন ৩৬ বছরের ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানালেও নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না সামি।
ফিটনেস নিয়ে প্রশ্ন, সাংবাদিকদের পাল্টা জবাব সামির
চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন সামি। ২০২৩ সালে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ও গোড়ালির চোটের জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাঁকে। প্রায় ১৪ মাসের রিহ্যাব পর্ব কাটিয়ে ২০২৫ সালের শুরুতে ক্রিকেটে ফেরেন এই পেসার। ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ২০২৫ সালের ৯ মার্চ, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ। এর পর থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন সামি। বাংলার হয়ে তাঁর পারফরম্যান্সও নজর কাড়ছে। তা সত্ত্বেও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে।
সাংবাদিকেরা সেই বিষয়ে জানতে চাইলে কিছুটা বিরক্তির সুরেই জবাব দেন সামি। তিনি বলেন, ‘আমার ফিটনেস তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। সেটা লিখুন। আমি কী বললাম, তাতে আর কী হবে? আমি মাঠে আছি, খেলছি। যেখানে খেলার সুযোগ পাচ্ছি, সেখানেই খেলছি।’
‘অনেক আগেই ভুবনেশ্বরকে দলে নেওয়া উচিত ছিল’
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন ভুবনেশ্বর। সামির মতে, অনেক আগেই জাতীয় দলে ফেরানো উচিত ছিল এই পেসারকে। তিনি বলেন, ‘ভুবনেশ্বরকে অনেক আগেই দলে নেওয়া উচিত ছিল। ও কারও সঙ্গে বেশি কথা বলে না, ওর স্বভাবই সে রকম। কিন্তু তার মানে এই নয় যে, একজন প্রতিভাবান ক্রিকেটারকে দীর্ঘ দিন সুযোগ দেওয়া হবে না। ওর জন্য ভালো হয়েছে। আইপিএলে পরপর দু’টি মরশুমে দারুণ পারফর্ম করেছে ও। তাই ওর দলে ফেরার যোগ্যতা রয়েছে।’
ভুবনেশ্বরের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সামি আরও বলেন, ‘অনেক দিন পর ও দলে ফিরেছে। কেউ যদি পরিশ্রম করে, তার মধ্যে যদি প্রতিভা থাকে, তা হলে সে কেন সুযোগ পাবে না?’
পারফরম্যান্সের করেও কি জাতীয় দলে ফেরার সুযোগ নেই সামির
২০২৫ ও ২০২৬ সালের IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে ভালো পারফর্ম করেছিলেন ভুবনেশ্বর। ২০২৫ সালে প্রথম বার আইপিএল জিতেছিল বেঙ্গালুরু, ২০২৬ সালেও খেতাব ধরে রাখে তারা। সেই পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর।
অন্য দিকে, সামিও গত এক বছরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো বল করছেন। দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেও চার উইকেট নিয়েছেন তিনি। তা হলে জাতীয় নির্বাচকদের কাছ থেকে ডাক না পাওয়ার কারণ কী? এই প্রশ্নের জবাবে ব্যঙ্গের সুরে সামি বলেন, ‘না, না, আমি তো ভালো বোলার নই!’