Published on
:
1 min read
এই সময়, কাঁচরাপাড়া: ভারতের ঐতিহাসিক ও স্থাপত্য শিল্পের অসাধারণ নিদর্শন রাজস্থানের জয়পুর শহরের হাওয়া মহল। রাজপুত ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত রাজস্থানের হাওয়া মহলের আদলে এ বছর মণ্ডপ সজ্জা করে নজর কেড়েছেন বীজপুরের মহাজাতি ক্লাবের দুর্গাপুজো কমিটির কর্তারা। ৭০ বছরে পড়ল এই পুজো। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে চন্দননগরের ডাকের সাজের প্রতিমা।
১৭৯৯ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল রাজস্থানের হাওয়া মহল। লাল ও গোলাপি বেলেপাথরের অসাধারণ এই স্থাপত্যের স্থপতি ছিলেন লালচাঁদ উস্তাদ। বীজপুরের মহাজাতি ক্লাবের দুর্গা মণ্ডপেও রয়েছে মূল স্থাপত্যের মতো ৯৫৩টি জালিযুক্ত জানলা। ঐতিহ্য আর রীতি মেনেই পুজোর ক'টা দিন মনোরঞ্জনের জন্য পুজো কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন সান্ধ্যকালীন অনুষ্ঠানে পঞ্চমীর দিন আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে আক্ষরিক অর্থে সব স্তরের মানুষকে এই দুর্গাপুজোয় সামিল করার চেষ্টা করেছেন উদ্যোক্তারা।
পুজো কমিটির সম্পাদক সজল কর্মকার বীজপুর-২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। তিনি বলেন, 'উৎসব সকলের। এ বছর আমাদের মূল আকর্ষণ রাজস্থানের হাওয়া মহল। এই মণ্ডপ দেখার জন্য মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।'