ভারতে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
এ বিষয়ে জানতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছালে দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চারজন সদস্য সেখানে উপস্থিত হন। পরবর্তীতে দুপুর পৌনে ১টার দিকে জৈন্তাপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) দিদারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে আসেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা কালবেলাকে বলেন, তামাবিল ইমিগ্রেশন পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টে কামাল আহমেদকে আটক করে খবর দিলে আমরা তাকে নিয়ে আসি। তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামাল রয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
