একটি ডাইং কারখানা গড়ার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রির ৫০ লাখ টাকা দিয়ে কারখানা কেনার কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। সেই টাকা নরসিংদীর ভাড়া বাসার আলমারিতে রেখে স্ত্রী-সন্তান নিয়ে দুর্গাপূজা উদ্যাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। ছয় দিন পর ফিরে দেখেন, বাসার সবকিছু তছনছ। আলমারি ভেঙে চুরি হয়েছে কারখানা করার জন্য রাখা ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার।
নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটেছে। গত পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছেন সুখন চৌধুরী। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।
এ ঘটনায় গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সুখন চৌধুরী।
তিনি বলেন, ‘একটি ডাইং কারখানা করার জন্য গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা এনে বাসায় রেখেছিলাম। ডাইং কেনার কথাবার্তাও ফাইনাল হয়ে গিয়েছিল। স্ত্রীর গয়নাগুলোও সেখানে ছিল। আমরা বাসায় না থাকায় গত ছয় দিনের মধ্যে কোনো এক সময় সব চুরি করে নিয়ে গেছে। একটা ডাইং করার সারা জীবনের স্বপ্নটা চোরেরা চুরি করে নিয়ে গেছে।’
সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত বলেন, দুর্গাপূজা উপলক্ষে গত রোববার দুপুরে নরসিংদীর বাসায় তালা দিয়ে তাঁরা গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাত আটটার দিকে বাসায় ফিরে দেখেন, চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলা যাচ্ছে না। তালা কাটার পরও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে দেখেন, জানালার গ্রিল কাটা।
এরপর স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল দিয়ে ভেতরে ঢোকেন সুখন। তিনি ফ্ল্যাটের দরজা খুলে দিলে অন্যরা ভেতরে প্রবেশ করেন। তাঁরা দেখেন, ঘরের আসবাব ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আলমারিও ভাঙা। এর ভেতরে রাখা আট ভরি স্বর্ণালংকার ও কারখানা করার ৫০ লাখ টাকা নেই।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর আল মামুন বলেন, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সানা/আপ্র/২৪/১০/২০২৬
