বরিশালে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ঠিকাদারকে গুলির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন ওই ঠিকাদার।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাখরকাঠি গ্রামে গনি হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ঠিকাদার সুলতান আহমেদ বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকার সালাম হাওলাদারের ছেলে। তার নুসরাত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনীতে জুতা, কালি, বেল্টসহ বিভিন্ন সামগ্রী সরবরাহকারী।
২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ বলেন, সুলতানের ঢাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের অংশীদার মাগুরা জেলার বাসিন্দা সালাহউদ্দিন ওরফে সোহেল রানার কাছে তিনি মোটা অংকের টাকা পান। বুধবার সন্ধ্যায় পাওনা টাকা পরিশোধ করতে সোহেল রানা সেখানে আসেন। তবে টাকা না দিয়ে একটি চেক দেন তিনি।
এরপর একটি স্ট্যাম্পে সুলতানকে স্বাক্ষর দিতে বললে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুলতানকে গুলি করে সোহেল। এ সময় প্রাণ বাঁচাতে সুলতান খালে ঝাঁপ দিয়ে চিৎকার শুরু করেন। পরে মাইক্রোবাস নিয়ে আসা সোহেল রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে সুলতান আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেব।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জের ধরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
