খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল এলাকায় প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন এবং এর আগে রাত দেড়টার দিকে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
জানা গেছে, বুধবার বিকেলে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ জানান, বাসটি সড়কের পাশের খাদের পানিতে পড়ে রয়েছে। বাসটি উদ্ধারের পর দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে একই স্থানে ইবাদ পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাছ ব্যবসায়ী নিহত হন।
নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নর্নিয়া গ্রামের মৃত আব্দুর বারীক গাজীর ছেলে রাফিউর রহমান গাজী (৪০) এবং আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুচ সরদার (২৫)।
ওসি মুন্সি পারভেজ আহমেদ আরও বলেন, আগের রাতের এ দুর্ঘটনায় মামলা হয়েছে।
