চীনা এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। অভিযোগ রয়েছে, ক্যানসারসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত বাংলাদেশে উৎপাদিত গুরুত্বপূর্ণ ওষুধ রাজস্ব ফাঁকি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাচার করছিল চক্রটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
তিনি জানান, বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চীনা নাগরিক লি ফেন (৩৪), বকুল নাহার বীথি (২৪), ইউনুস আলী (২৬) ও সজীব হাওলাদার (২৮)।
অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ অর্থের পাশাপাশি আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা বাজারমূল্যের বাংলাদেশি বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।
এসআরবি-৩ সূত্র জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। দেশে তুলনামূলক কম দামে পাওয়া যায় এমন বিভিন্ন ওষুধের পাশাপাশি ক্যানসার ও অন্যান্য জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ছিল তাদের প্রধান লক্ষ্য। পরে এসব ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাঠানো হতো।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণত ২৪ থেকে ২৫ কেজি ওজনের কার্টনে করে ওষুধগুলো বিভিন্ন দেশে পাঠানো হতো।
অভিযানসংশ্লিষ্টদের ধারণা, অধিক মুনাফার আশায় বিভিন্ন ওষুধ কোম্পানির কিছু অসাধু কর্মচারীও এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জব্দ করা ওষুধের ধরন ও পরিমাণ, পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তির পরিচয় এবং সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির কর্মীদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
