
বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির (কিউএসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মান নিশ্চিতকরণ, অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চয়তা কার্যক্রম জোরদার এবং উচ্চশিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে গুণগত মান বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভাপতির বক্তব্যে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা এবং ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীত সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমুল হক, বাউয়েটের রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।
এ ছাড়া রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মো. হামিদুর রহমান এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির অন্যান্য সদস্য সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে উপাচার্যের সঙ্গে অংশগ্রহণকারীদের ফটোসেশন অনুষ্ঠিত হয়।
