গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ বসতঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ নিশান শেখ (২৫)। তিনি ঘোনাপাড়া গ্রামের মো. জামাল শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আত্মহত্যার সঠিক কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানায়, এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন
