শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের ভক্তরা। নারীদের সিঁদুর খেলা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হচ্ছে।
বুধবার সকালে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টীর দুর্গাপূজামণ্ডপে সনাতন সম্প্রদায়ের নারী ভক্তরা সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে শেষ বিদায় জানান।
এ সময় ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ঢাক, ঢোল, কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে নারীরা সিঁদুর খেলায় অংশ নেন। পরে অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানান তাঁরা।
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানাতে ভক্তদের মধ্যে একদিকে আনন্দ, অন্যদিকে বিষাদের আবহ দেখা যায়। বিদায় অঞ্জলি, দর্পণ বিসর্জন ও বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দেবী দুর্গার আরাধনার সমাপ্তি ঘটবে।
বিজয়া দশমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের আকুল প্রার্থনা জানিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
এমএ
