সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৬:০১ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থান সংলগ্ন দুর্গা মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।
পীঠস্থান পরিচালনা কমিটির আয়োজনে এবার কুমারী মাতা হিসেবে পূজিত হয়েছেন সাত বছর বয়সী সানন্দা চক্রবর্তী। পূজা শুরুর আগে দেবীরূপে তাকে বিভিন্ন বস্ত্র ও অলংকারে সাজানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাকে দেবী আসনে বসানো হয়।
পুরোহিত হরিনারায়ন চক্রবর্তী বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে এই পূজানুষ্ঠান চলে।
মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও তার সহধর্মিণী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী দিলারা মালিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
