বেনাপোল প্রতিনিধি অক্টোবর ২১, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
যশোরের শার্শায় প্রায় ৪ কোটি টাকা বাজার মূল্যের ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার একটি ইটভাটা সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী-যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
বুধবার সকাল সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন আলাউদ্দিনকে আটক করে তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
দুপুর ২টার দিকে শার্শা থানার প্রেস কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন। এ ঘটনায় চোরাচালান-সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
