সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো দেখে অনেকের ধারণা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেগুলো তৈরি করা হয়েছে। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে এসব ভিডিও প্রকাশ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুঃখ প্রকাশও করে প্রতিষ্ঠানটি।
তবে চ্যানেলটির এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন ভিডিওর শিকার অভিনেত্রী পরীমনি। তাঁর মতে, বিকৃত ভিডিওটি অনেক আগে তৈরি হলেও এবার একটি টেলিভিশন চ্যানেলের পেজের মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে শুধু ক্ষমা চাওয়াকে যথেষ্ট মনে করছেন না তিনি।
গতকাল রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেত্রী। পাশাপাশি কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে চলা নেতিবাচক আলোচনা নিয়েও ক্ষোভ জানান তিনি। লাইভে কথা বলার সময় একপর্যায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কয়েকবার গালিও দেন পরীমনি।
চ্যানেলটির বক্তব্যের সমালোচনা করে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা অতিরিক্ত মাতামাতি করেছেন, তাঁদেরও কটাক্ষ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’
পরীমনির মতে, যাঁদের চিন্তাভাবনা ইতিবাচক, তাঁরা ভিডিওটি দেখার পর এড়িয়ে গেছেন। অন্যদিকে, যাঁরা বিষয়টি নিয়ে নেতিবাচক চর্চায় মেতেছেন, তাঁরাই অনলাইনে এটি নিয়ে বেশি আলোচনা করছেন। নিজের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়া মন্তব্যের উদাহরণও তুলে ধরেন তিনি। পরীমনি বলেন, কেউ হজের বিষয়ে পোস্ট করলেও তার মন্তব্যের ঘরে গিয়ে কেউ কেউ তাঁর ভিডিওর লিংক থাকার দাবি করছেন। তাঁর মতে, একটি ভুয়া বিষয় নিয়ে এ ধরনের আচরণ মানুষের মানসিকতারই প্রতিফলন।
ফেসবুক লাইভে আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন পরীমনি। তবে পরে তিনি নিজের পেজ থেকে লাইভটি মুছে দেন। আজ সকালে এ বিষয়ে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’ প্রসঙ্গত, সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। ‘সেপারেশন’ নামের সিনেমাটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
The post অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি appeared first on ভোরের চেতনা.
