প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:০১ পিএম
শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলাস্টিকা কমার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘ইকো বিজ ৩.০: ইকোনমিক্স অ্যান্ড বিজনেস সামিট’ সফলভাবে শেষ হয়েছে। ১৬ ও ১৭ অক্টোবর উত্তরা স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সামিটের টাইটেল স্পন্সর ছিল রূপায়ণ সিটি।
শনিবার (১৭ অক্টোবর) সামিটের সমাপনী দিনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি টেকসই ব্যবসায়িক পরিকল্পনা, দূরদর্শী মানসিকতা, অধ্যবসায় ও প্রতিকূলতা মোকাবিলার গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ ও যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বিকাশে ‘ইয়ং এক্সেকিউটিভস’, ‘সার্ক ট্যাংক’, ‘বোর্ডরুম’, ‘মার্কেটিং ম্যানিয়া’ ও ‘ফিস্কাল ফ্রন্টিয়ার’-এর মতো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কৌশল প্রণয়ন, বিপণন পরিকল্পনা ও আর্থিক বিশ্লেষণে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্কলাস্টিকা কমার্স ক্লাবের প্রেসিডেন্ট সাফওয়ান, ভাইস প্রেসিডেন্ট শুয়াইব এবং ফ্যাকাল্টি অ্যাডভাইজার রেজওয়ান ও তামান্না রহমান। এ ছাড়া ছিল সাংস্কৃতিক পরিবেশনা, রোল-প্লে এবং বিচারকদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান। সামিটে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রূপায়ণ সিটি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা উন্নয়নে পৃষ্ঠপোষকতা করতে পেরে তারা আনন্দিত। এ সামিট শিক্ষার্থীদের নতুন সম্ভাবনা অন্বেষণ এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখতে অনুপ্রেরণা জোগাবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদ ব্যক্ত করেছে।
