শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার জহির উদ্দিন স্বপন।
সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, কমিটির সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতারা।
জহির উদ্দিন স্বপন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ উৎসবের আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না; অন্য সম্প্রদায়ের মানুষও এতে সম্পৃক্ত হন। দেশের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় দুর্গোৎসব বাংলাদেশের জন্যও আনন্দের উপলক্ষ।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর এবারই প্রথম পূজা-পার্বণের আয়োজন দেখভালের দায়িত্ব সরকারিভাবে নেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব নিয়ে কথা বলতে গেলে তিনি তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।
