রাজধানীর আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে ধারালো চাকুসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ। পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আসাদগেট এলাকায় নিয়মিত টহল ডিউটি পরিচালনার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মো. আরাফাত (২০), সিলেটের বিশ্বনাথের ফাইমুল হাসান (২২) এবং ভোলার আবির ব্যাপারী শান্ত (২৩)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে পুলিশের একটি দল আসাদগেট এলাকায় হোন্ডা মোবাইল ডিউটি পরিচালনা করছিল। এ সময় অপরাধ সংঘটনের জন্য ওত পেতে থাকা ওই তিন যুবককে দুটি ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন যুবক আসাদগেট ও আশপাশের এলাকায় পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বের কোনও অপরাধের তথ্য বা রেকর্ড (পিসিপিআর) আছে কি না, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
