ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা
জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ উপজেলা সংগঠনের উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে অবস্থিত জুলাই শহীদ রিয়াজ চত্বরে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের জেলা যুব কমিটির সভাপতি ও কেরানীগঞ্জ মডেল থানা আমীর আব্দুর রহীম মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ এবিএম কামাল হোসেন, উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন, অ্যাডভোকেট মীর আতাউর রহমান, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মণ্ডল, ইঞ্জিনিয়ার তৌফিক হোসাইন এবং মো. ইলিয়াস। এছাড়া সমাবেশে বক্তব্য দেন জুলাই শহীদ রিয়াজ ও মেরাজের মা এবং শহীদ উসমানের পিতা।
বক্তারা জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তাঁদের বক্তব্যে বলা হয়, জুলাইয়ের গণআন্দোলনের প্রকৃত লক্ষ্য ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের স্বার্থে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজনের মাধ্যমে জনগণের রায় কার্যকর করার দাবি জানানো হচ্ছে।
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। বক্তারা শহীদদের আত্মত্যাগকে জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
