নিজস্ব প্রতিবেদক · ২০ অক্টোবর, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার ত্রিনয়নী শিববাড়ী মন্দিরের দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আজকের এই আয়োজনে উপস্থিত ভাই ও বোনদের আমার ব্যক্তিগত, সরকার ও দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সম্প্রীতির দেশ বাংলাদেশে বসবাস করি। অতীতের মতো ভবিষ্যতেও আমাদের এই সম্প্রীতি বজায় রাখতে হবে।’
তিনি বলেন, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকা ও নির্বাচনী এলাকায় ধর্মীয় উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে পালনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন। সরকার ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করছেন।
দেশের সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের এই সম্প্রীতি যেন আরও সমৃদ্ধ হয়, সে জন্য সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। আমাদের দেশ যেন সুন্দর ও শান্তির দেশে পরিণত হয়।’
এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
