স্টাফ রিপোর্টার ॥
ভোলায় নুরুল হক মুন্সী জামে মসজিদের সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগে কথিত বিজেপি নেতা মনির হোসেনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনগণ। রবিবার (১৮ই অক্টোবর) বিকেলে ভোলা-বরিশাল মহাসড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা, ৫নং ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত মনির হোসেন নিজেকে ক্ষমতাসীন বা প্রভাবশালী পরিচয় দিয়ে বেআইনিভাবে নুরুল হক মুন্সী জামে মসজিদের জমি নিজের দাবি করে সীমানা প্রাচীর ভেঙে তা দখলে নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মনির হোসেন এবং তার পুরো পরিবার শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে বর্তমানে সে নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে, যার থেকে আল্লাহর ঘর মসজিদও রেহাই পায়নি।
ঘটনাস্থলে উপস্থিত জেলা যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন জানান, মনির যে বিজেপি করে তা তিনি আজই প্রথম শুনেছেন এবং তাকে তিনি চেনেনও না। দলের পরিচয় ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ছাত্রদল নেতা হাবিব মনিরকে চরম সুবিধাবাদী উল্লেখ করে বলেন, সে মূলত আওয়ামী লীগ ঘেঁষা এবং যখন যে দল প্রভাবে থাকে তাদের নাম ভাঙিয়ে সুবিধা হাসিল করে। মানববন্ধনে ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইব্রাহিম মনিরের এই বাউন্ডারি ভাঙার ঘটনাকে চরম অন্যায় বলে আখ্যা দেন। অন্যদিকে পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার বলেন, মসজিদ আল্লাহর ঘর; মনিরের যদি জমি সংক্রান্ত কোনো দাবি থেকেও থাকত, তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু সীমানা প্রাচীর ভাঙা মোটেও উচিত হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনির হোসেন ঔদ্ধত্য প্রকাশ করে বলেন, তিনি ইন্ডিয়ার বিজেপি করেন এবং সে নাম তিনি বলছেন ও ভবিষ্যতেও বলবেন। তিনি সরাসরি স্বীকার করেন যে মসজিদের বাউন্ডারি তিনি ভেঙেছেন এবং এখন যেন এর সমাধান করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে দখলকৃত জমি পুনরুদ্ধার ও অভিযুক্ত মনিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।