ফরিদপুর শহরের টেপাখোলা সুইচগেট সংলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে নদীর পশ্চিম পাশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে ঘটনাস্থলে পৌঁছান নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশের সদস্যরা। মরদেহ উদ্ধারের পর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালান। পরে নৌপুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
এদিকে, নিহত ব্যক্তি কীভাবে মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নৌপুলিশের সহায়তায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
