শারদীয় দুর্গাপূজার মহানবমীতে চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামে পৌঁছে তিনি পূজামণ্ডপে যান। এর আগে রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় এবং রাজশাহীতে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। রাজশাহীর জনসভায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি, সুষম আঞ্চলিক উন্নয়ন, কৃষকের জীবনমান বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘বিএনপিকে ভোট দিয়েছেন, কি দেননি, তা বিবেচনায় না নিয়ে সরকার দেশের সব মানুষের জন্য কাজ করতে চায়।’ তবে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার মধ্যে একটি মহল বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
চট্টগ্রামে জেএম সেন হলে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়কপথে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নগরের রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপে যান তিনি। রাত সোয়া ৮টার দিকে সেখানে পৌঁছালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগরের নেতারা ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেএম সেন হল ও আশপাশের এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। বিকেল থেকেই নগরের কোতোয়ালি থানার জেএম সেন হল এলাকায় তাকে একনজর দেখতে নানা বয়সি মানুষ জড়ো হতে থাকেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ অন্যরা।
রংপুরে সম্প্রীতির আহ্বান, উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা: চট্টগ্রামে আসার আগে সকালে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, ‘বিএনপিকে ভোট দেওয়া বা না দেওয়ার ভিত্তিতে সরকার কাউকে আলাদা করে দেখতে চায় না। দেশের সব মানুষের সরকার হিসেবে দায়িত্ব পালন এবং সব অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।’
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে মন্দিরে পৌঁছালে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। শিশুরাও নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায়। তারেক রহমান মন্দিরের পুরোহিত ও কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যরা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ অন্যরা।
তারেক রহমান জানান, রংপুর মহানগরের উন্নয়নে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে সেতু, কালভার্ট, স্কুল-কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় নিয়ে বিভিন্ন অঞ্চলে ন্যায্যভাবে সম্পদ বণ্টন করতে হবে।’ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় মানুষের চাহিদাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মন্দিরের পেছনে হোস্টেলের মতো একটি অবকাঠামো নির্মাণে আর্থিক সহযোগিতার সম্ভাবনা পর্যালোচনা করতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেন তারেক রহমান। মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার একটি চেকও তুলে দেন তিনি।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে ভূমিকা রেখেছেন। এই ঐক্য ধরে রেখেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ গণঅভ্যুত্থান নিয়ে কারও ভিন্নমত থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
রাজশাহীতে ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার বেশি প্রণোদনা: রংপুরের কর্মসূচি শেষে বিকেলে রাজশাহীতে যান প্রধানমন্ত্রী। সেখানে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। ডিজিটাল পদ্ধতিতে বোতাম চেপে কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়।
জনসভায় কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের জীবনমান উন্নয়ন, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিকে লাভজনক করতে সরকার কাজ করছে।’
তিনি জানান, চলতি বছরে ৪০ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
সেচসুবিধা বাড়ানো ও পানির সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রার কথা জানান প্রধানমন্ত্রী। তার দাবি, গত আট মাসে সারা দেশে প্রায় ৮০০ কিলোমিটার খাল খননের কাজ শেষ হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে রাজশাহীসহ উত্তরাঞ্চলের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, সেখানে সেচের পানির সংকট কমার পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণেও সহায়তা করবে।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। পাশাপাশি আগামী বছর ৪৬টি বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত পলাতক শক্তি এবং দেশের ভেতরে একটি মহল এক হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ তৈরির পেছনে অর্থায়নের বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।’ এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগামী পাঁচ বছর সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনগণের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশের ভাগ্য বিদেশ থেকে কেউ এসে গড়ে দেবে না; নিজেদেরই দেশ গড়তে হবে। রাজনৈতিক বিভেদ ভুলে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
রাজশাহীর জনসভা শেষে প্রধানমন্ত্রী সেখানকার ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি।
