সংবাদ · সাধারণ
অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদকের আসর, আটক ৮৫
২০/১০/২০২৬

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ অভিযানে ওই বাড়ি থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটিতে নিয়মিত মাদকের আসর বসত। পাশাপাশি চলত ডিজে পার্টিও। বিভিন্ন বয়সী নারী ও পুরুষ সেখানে মাদক সেবনের জন্য যেতেন। তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত।অভিযানের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ডিআইজি অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। যারা ভাড়া নিয়েছিলেন, তারা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন।’ আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী বলেও জানান তিনি।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান।এ বিষয়ে জানতে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
মূল প্রতিবেদনে যান ↗