কুষ্টিয়ায় বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বিআরবি কেবলস লিমিটেডের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয়।
দোয়া মাহফিলে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান বলেন, “আপনারা সবাই খারাপ পথ থেকে সরে আসুন। ভালো কাজ করুন, ভালো পথে চলুন। আপনারা বিআরবিকে দেখলে বিআরবিও আপনাদের দেখবে। বিআরবিকে না দেখলে বিআরবি আপনাদের কীভাবে দেখবে?
“আমার তো যাওয়ার সময় অনেক আগেই হয়ে গেছে। যেকোনো সময় চলে যেতে হবে। তাই আপনারা সকলে মিলে কোম্পানিকে সহযোগিতা করবেন। এখন আর মন চায় না, খারাপ লাগে, কষ্ট লাগে। এত গালাগালি করি আপনাদের, আমি তো আপনাদের অভিশাপ কুড়াচ্ছি। তবে আমার বিশ্বাস, আপনাদের অভিশাপ আমার কোনো কাজে আসবে না। আমি তো আপনাদের সঙ্গে কোনো অন্যায় করিনি। সর্বদা আপনাদের হক আদায়ের চেষ্টা করেছি। আমার বয়স ৮০ হয়েছে, তবুও আমি এখনো রাত ১০টা পর্যন্ত অফিস করি।”
তিনি আরও বলেন, পণ্যের গুণগত মান নিশ্চিত না করলে বিদেশে সেই পণ্য বিক্রি করা যায় না। নতুন পণ্য হিসেবে সোলার প্যানেল সংযোজন করা হয়েছে। এ ছাড়া নির্মাণাধীন হাসপাতালটির কাজকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “অনেকে ভাবেন, হচ্ছে না কেন, বানানো হচ্ছে না কেন? আমরা কাজ করে যাচ্ছি, শেষ করার চেষ্টা করছি। অনেক লোক কাজ করছে, তবুও শেষ করতে পারছে না। সেখানে আপনাদের দোয়া প্রয়োজন। কোম্পানি ও আমার পরিবারের জন্যও আপনাদের দোয়া কামনা করি।”
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৩ অক্টোবর কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠিত হয়। দেশীয় বাজারে তার ও কেবলের চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ১৯৮০ সালের ২৩ জানুয়ারি বাণিজ্যিক উৎপাদনে যায়।
আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও কারখানা সম্প্রসারণের মাধ্যমে বিআরবি ক্রমাগত উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। নব্বইয়ের দশকে প্রযুক্তিগত উন্নয়নের পর ২০০০ সালের দিকে উচ্চচাপের বিদ্যুৎ সঞ্চালন কেবলসহ নতুন নতুন পণ্য উৎপাদনে যুক্ত হয় প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে টেলিফোন কেবল, অপটিক্যাল ফাইবার ও জাহাজে ব্যবহারযোগ্য কেবলও পণ্যতালিকায় যুক্ত হয়।
প্রতিষ্ঠানটির উৎপাদিত কেবল বিদ্যুৎ বিতরণ সংস্থা, রেলওয়ে, বন্দর, শিল্পকারখানা ও আবাসন প্রকল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। কুষ্টিয়ায় গড়ে ওঠা এই শিল্পপ্রতিষ্ঠান দেশের বৈদ্যুতিক অবকাঠামোর চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
