ভারতের কাছে ৩৪ গোলের বিশাল ব্যবধানে হারের পর বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে দারুণভাবেই উত্তীর্ণ হয়েছেন সানজিদা আক্তাররা। ফাইনালে ওঠার বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপকে পাত্তাই দেয়নি স্বাগতিকেরা। ৩৩-২০ গোলের বড় জয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে আগের ম্যাচের ব্যর্থতার ছাপ যেন ঝেড়ে ফেলতেই নেমেছিলেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা। জমাট রক্ষণ, দ্রুত প্রতি-আক্রমণ আর নিখুঁত ফিনিশিংয়ে মালদ্বীপকে ম্যাচের শুরু থেকেই চাপে রাখে স্বাগতিকেরা।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ১৭-৫। প্রথম ৩০ মিনিটে মালদ্বীপকে মাত্র পাঁচ গোল করতে দিয়েছে স্বাগতিকেরা। ব্যবধানের এই পাহাড় টপকে ম্যাচে ফেরা যে কঠিন, সেটি তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল।
বিরতির পর অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে ১৫ গোল আদায় করে তারা। তবে বাংলাদেশের আক্রমণও থেমে থাকেনি। শেষ ৩০ মিনিটে আরও ১৬ গোল করে ব্যবধান ধরে রাখে স্বাগতিকেরা। ফলে শেষ পর্যন্ত ১৩ গোলের জয় নিয়েই ফাইনালের মঞ্চে পা রাখে বাংলাদেশ।
জয়ের নেপথ্যে সবচেয়ে বড় অবদান ডান প্রান্তের সানজিদা আক্তারের। প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আঘাত হেনে একাই করেছেন ৮ গোল। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার জিতে। তার সঙ্গে গোলের খাতায় অবদান রেখেছেন মিষ্টি খাতুন ও সাকিবা শাম্মী। দুজনই করেছেন চারটি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশির নামের পাশে রয়েছে তিন গোল।
মালদ্বীপের হয়ে লড়াই চালিয়ে গেছেন ফাতিমাথ জুনা। দলের ২০ গোলের মধ্যে একাই করেছেন ৯টি। তবে তার ব্যক্তিগত সাফল্য দলকে বড় হার থেকে বাঁচাতে পারেনি।
টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রাটা শুরু হয়েছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ভারতের কাছে ৪৭-১৩ গোলে বিধ্বস্ত হয়ে বড় ধাক্কা খায় দল। সেই হারের পর মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছিল ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেখানেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
এদিকে দিনের অন্য ম্যাচে নেপালকে ২৬-১১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তিন ম্যাচের সব কটিতে জয় নিয়ে অপরাজিত থেকেই শিরোপার লড়াইয়ে উঠেছে তারা।
ফলে ফাইনালে বাংলাদেশের সামনে আবারও সেই ভারত। আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। লিগ পর্বে বড় ব্যবধানে হারের ক্ষত এখনো নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের খেলোয়াড়দের। তবে মালদ্বীপের বিপক্ষে এমন দাপুটে জয় আত্মবিশ্বাস জোগাবে তাদের। এবার সামনে আরও কঠিন পরীক্ষা-ভারতের বিপক্ষে শিরোপার লড়াই।
এর আগে আগামীকাল বুধবার দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের জন্য লড়বে নেপাল ও মালদ্বীপ।
