ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় তিনি মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
অভিযান শেষে শিয়াচর এলাকায় ওয়াপদা খালের পাড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। খালের পরিবেশ উন্নয়ন ও স্থানীয়দের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, কেবল প্রশাসনিক উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা। জনস্বাস্থ্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও একটি সবুজ, স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর
