বাংলাদেশে প্রথমবারের মতো দুর্গাপূজা দেখতে এসে নারায়ণগঞ্জের সাজসজ্জা, নৃত্যশিল্প, আত্মীয়তা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, “এটি বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। এমন একটি জায়গায় যেতে চেয়েছিলাম, যেখানে এর আগে কোনো রাষ্ট্রদূত যাননি। এখানকার নৃত্যশিল্প, চমৎকার সাজসজ্জা, আত্মীয়তা ও আপ্যায়ন—সবকিছু দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক অনেক ধন্যবাদ।”
আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের আগে তিনি নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগরী, রূপগঞ্জের জামদানি পল্লি এবং শহরের ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন। বোস কেবিনে চা পান করেন এবং আড্ডায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
মার্কিন রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে পূজামণ্ডপ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
