কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কুমিল্লা-বরুড়া সড়কের দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসচালক মনিরের ভাষ্য অনুযায়ী, স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটির মালিকও চালক মনির এবং দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন।
এদিকে নিহত হেলপার সবুজের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা আবদুল জলিল। পাশাপাশি বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি। আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ও বাসটি থানায় নেওয়া হবে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
