ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৫ নম্বর ছনহরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি দুর্গাপূজামণ্ডপে নগদ অর্থ উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও পটিয়া উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আখতারুজ্জামান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নির্দেশনায় তিনি এ উদ্যোগ নেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আখতারুজ্জামান। এ সময় তিনি ইদ্রিস মিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
উপহার বিতরণকালে আখতারুজ্জামান বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—আমরা সবাই অভিন্ন। আমাদের পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই বার্তা ধারণ করে সবাইকে মিলেমিশে থাকতে হবে। প্রত্যেক ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নেতৃত্ব ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ছনহরা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান। জনগণের সেবা করার সুযোগ পেলে রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।
এ সময় বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পটিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছনহরা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপহার পেয়ে বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ বলেন, “আমরা এমন একজন নেতৃত্ব চাই, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সুখে-দুঃখে পাশে দাঁড়াবেন। আখতারুজ্জামানের এ উদ্যোগ আমাদের আনন্দিত করেছে। আমরা চাই, সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করুক, একে অপরের উৎসবে অংশ নিক এবং সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করুক।”
