নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ পাচারের সময় পুলিশ ও স্থানীয়রা খেজুরগাছিয়া পর্যটন স্পট থেকে দুটি কাভার্ড ভ্যান, দুটি ফিশিং বোট ও জাল আটক করেছে।
বিজ্ঞাপন
সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চরফ্যাশনের বাশির দোন এলাকার বজলু মেম্বার নামক এক ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে মা ইলিশ শিকার এবং তা দেশের অন্যত্র পাচারের প্রস্তুতি নেন। স্থানীয়রা বরফবোঝাই ট্রাকটি হাতেনাতে অবরুদ্ধ করে শশীভূষণ থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) খলিলের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
স্থানীয়দের অভিযোগ, একদিকে নদীতে ও ঘাটে নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশ-জনতা কাজ করলেও, চরফ্যাশনের মূল মাছ বাজারগুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে প্রশাসনের তদারকির চরম অভাব কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ককশিটের বাক্সে লুকিয়ে চড়া দামে মা ইলিশ বিক্রি করছেন। বাজারগুলোতে নিয়মিত টহল বা অভিযান না থাকায় এই চক্রটি দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে।
চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, এসময় আটক তিন জেলে ও মাঝিমাল্লাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ ট্রাক থানায় আটক রয়েছে।
এমই
