ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক
বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। বিরোধী দল আগের অবস্থানে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—উভয়ের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা।
জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আগামী পাঁচ বছরের জন্য জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
