জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাত ১২টা পর্যন্ত জেগে থাকার দিন হয়তো শেষ হতে চলেছে। এবার আগে থেকেই বার্তা লিখে নির্দিষ্ট সময় ঠিক করে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে তা পাঠিয়ে দিতে পারবে হোয়াটসঅ্যাপ। ফলে ব্যস্ততা কিংবা ঘুমের কারণে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ভুলে যাওয়ার আশঙ্কা কমবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের সীমিতসংখ্যক বিটা ব্যবহারকারীর জন্য নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এ পরীক্ষামূলকভাবে সুবিধাটি পাওয়া যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছাতে পারে।
এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপের এই সুবিধা তৈরির খবর প্রকাশিত হয়েছিল। তবে তখন ব্যবহারকারীদের জন্য এটি চালু হয়নি। এবার সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।
যেভাবে কাজ করবে
নতুন সুবিধাটি ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপে বার্তা লিখতে হবে। এরপর সেন্ড বাটন চেপে ধরে রাখলে নির্দিষ্ট সময় বেছে নেওয়ার অপশন আসবে। সেখান থেকে বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যাবে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমান পরীক্ষামূলক সংস্করণে আগামী ১০ মিনিট থেকে শুরু করে দুই সপ্তাহ পর পর্যন্ত সময় নির্ধারণের সুযোগ রয়েছে। ফলে জন্মদিনের শুভেচ্ছা, কোনো কাজের কথা মনে করিয়ে দেওয়া কিংবা আগে থেকে তৈরি করে রাখা গুরুত্বপূর্ণ বার্তা নির্দিষ্ট সময়ে পাঠানোর জন্য সেট করে রাখা যাবে।
শুধু টেক্সট নয়, পাঠানো যাবে ছবি-ভিডিওও
নির্ধারিত সময়ে পাঠানোর সুবিধায় শুধু লিখিত বার্তাই নয়, লিংক, ছবি ও ভিডিওও যুক্ত করা যাবে। তবে আপাতত প্রতিটি নির্ধারিত বার্তায় একটি ছবি অথবা একটি ভিডিও যুক্ত করার সীমাবদ্ধতা রয়েছে।
হোয়াটসঅ্যাপের বার্তার মতো নির্ধারিত বার্তার কনটেন্টও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। অর্থাৎ, বার্তার গোপনীয়তা রক্ষার ব্যবস্থাও এতে বজায় থাকবে।
এ ছাড়া নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর জন্য ফোনে ইন্টারনেট সংযোগ চালু রাখা কিংবা অ্যাপটি খোলা রাখার প্রয়োজন হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফোন অফলাইনে থাকলেও নির্ধারিত সময়ে বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাঠানো যাবে।
পাঠানোর আগেই মুছে ফেলা যাবে বার্তা
নির্ধারিত বার্তাগুলো চ্যাটের তথ্যসংক্রান্ত আলাদা একটি বিভাগে দেখা যাবে। সেখান থেকে ব্যবহারকারীরা বার্তা পর্যালোচনা করতে পারবেন এবং পাঠানোর আগেই চাইলে তা মুছে ফেলতে পারবেন।
বার্তা নির্ধারিত সময়ে পাঠানো হচ্ছে, এ বিষয়ে প্রাপককে কোনো নোটিফিকেশন দেওয়া হবে না। একইভাবে, পাঠানোর আগেই নির্ধারিত বার্তা মুছে ফেললেও প্রাপককে সে বিষয়ে জানানো হবে না। প্রাপকের ফোনে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ থাকা বাধ্যতামূলক নয়।
গ্রুপ চ্যাটেও এই সুবিধা কাজ করবে। তবে এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বার্তা নির্ধারণ করার সময় গ্রুপে যাঁরা সদস্য থাকবেন, তাঁদের কাছেই বার্তাটি পৌঁছাবে। পরে নতুন কেউ গ্রুপে যুক্ত হলে তিনি ওই নির্ধারিত বার্তা পাবেন না।
কবে সবার জন্য চালু হবে?
এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের স্থিতিশীল বা সাধারণ সংস্করণে সুবিধাটি চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারী এটি পরীক্ষা করতে পারছেন। পর্যায়ক্রমে আরও পরীক্ষকের কাছে সুবিধাটি পৌঁছাতে পারে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হলে জন্মদিনের শুভেচ্ছা, গুরুত্বপূর্ণ অনুস্মারক কিংবা নির্দিষ্ট সময়ে পাঠানোর প্রয়োজন হয়—এমন বার্তা আগেই তৈরি করে রাখার সুযোগ মিলবে। এতে সময়মতো বার্তা পাঠানোর জন্য আলাদা করে জেগে থাকা বা কাজের ব্যস্ততার মধ্যে বার্তা পাঠানোর কথা মনে রাখার প্রয়োজন কমবে।
সূত্র: ডিজিটাল ট্রেন্ডস।