বাংলাদেশি প্রফেশনাল ডিজে ও ব্যান্ড প্রোমোটার ডিজে নায়রার (উম্মে আম্মারা) অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে পেজটি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে পেজটি বন্ধ হওয়ার বিষয়টি প্রকাশ করেন ডিজে নায়রা। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই পেজের মাধ্যমে নিজের কাজের বিভিন্ন মুহূর্ত, অনুষ্ঠানভিত্তিক পরিবেশনার ভিডিও এবং অন্যান্য কার্যক্রম ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি। ফলে পেজটি তাঁর পেশাগত পরিচিতি ও দর্শকদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল।
ডিজে নায়রা জানান, ফেসবুক কর্তৃপক্ষ নকল পণ্য প্রচারের অভিযোগ দেখিয়ে তাঁর পেজটি বন্ধ করেছে। তবে বিষয়টি সঠিকভাবে পর্যালোচনা করা হলে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ফেসবুকে কোনো অশ্লীল কনটেন্ট আপলোড করি না। আমি যে প্রোগ্রামগুলো করি, সেগুলোর কিছু ভিডিও আপলোড করি।”
তিনি আরও জানান, বিভিন্ন অনুষ্ঠানে তাঁর পরিবেশনার ভিডিওগুলোই মূলত পেজে প্রকাশ করা হতো। পেজটি বন্ধ হয়ে যাওয়ার পর সেটি পুনরুদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজের প্রচার ও ভক্তদের সঙ্গে যোগাযোগে ফেসবুক পেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বলে জানান ডিজে নায়রা। তাই বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে পেজটি পুনরায় চালুর সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছেন এই শিল্পী।
বিআলো/শিলি