ভারতীয় জাতীয় দলে ফেরার আশা এখনো ছাড়েননি মোহাম্মদ শামি। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলে জায়গা না পেলেও নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী অভিজ্ঞ এই পেসার। ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় নিজের অবস্থানও পরিষ্কার করেছেন তিনি।
রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দিল্লির বিপক্ষে চার উইকেট নেওয়া শামি সার্ভিসেসের বিপক্ষে পরের ম্যাচে খেলেননি। এ নিয়ে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলে শামি জানান, স্পিন-সহায়ক উইকেটে পেসার হিসেবে বেশি ওভার বোলিং করার প্রয়োজন ছিল না তাঁর। নিজের ফিটনেস নিয়ে শামি বলেন, ‘আমি এখনো নিজের সেরা ছন্দে আছি। ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলার কোনো মানে নেই।’
জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে শামি বলেন, ‘আশা ছাড়ব কেন? আশা তো সব সময়ই থাকা উচিত। যেকোনো পেশা বা খেলায় একটা লক্ষ্য থাকা দরকার। আমারও সেই লক্ষ্য আছে।’
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা এই পেসার আপাতত ঘরোয়া ক্রিকেটে নিজের ছন্দ ধরে রাখতে চান। ভবিষ্যৎ নিয়ে আগাম ভাবনার চেয়ে প্রতিটি ম্যাচে ভালো করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
