নাটোরের বড়াইগ্রামে যৌথ অভিযান চালিয়ে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মোস্তফা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলার রাজাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবির সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোরের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়। গ্রেপ্তার মোস্তফা পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি বোতলবুনিয়া এলাকার মৃত আমজাদ আলী ও মৃত সালেহা বেগমের ছেলে।
অভিযান চলাকালে তাঁর কাছ থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয় বলে জানিয়েছে এসআরবি।
সংস্থাটি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় জাল নোটবিরোধী এ অভিযান চালানো হয়েছে।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার মোস্তফাকে বড়াইগ্রাম থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস
