রাজধানীর খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার একটি তিনতলা ভাড়া বাড়ি থেকে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়িটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকাধীন। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি দল এই অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই বাড়িতে সারা রাত ধরে ‘ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার’ চলছিল। অভিযানে আটক ৮৪ জনের মধ্যে ২৬ জন নারী এবং ৫৮ জন পুরুষ রয়েছেন। এছাড়া আটকদের মাঝে আফগানিস্তানের একজন নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন। ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম ও ইয়াবা সেবনের নানা সরঞ্জাম জব্দ করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন এবং সেখানে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির বলেন, বাড়িটি একজন ‘হোস্ট ও কো-হোস্টের’ মাধ্যমে পরিচালিত হতো এবং কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির জানান, তার বাড়িটি এয়ারবিএনবি ও ট্রাভেলার প্ল্যাটফর্মে তালিকাভুক্ত রয়েছে এবং জন্মদিনের অনুষ্ঠান বা গায়ে হলুদের মতো আয়োজনের জন্য এর উঠান ভাড়া দেওয়া হতো। সেখানে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা মাদক রাখার ওপর কড়া নিষেধাজ্ঞা ছিল বলে দাবি করেন তিনি।
ভাড়া দেওয়া বাসায় গোপনে অপরাধমূলক কর্মকাণ্ড চললে এর দায় বাড়ির মালিকের ওপর বর্তানো উচিত কি না, সে প্রশ্নও তোলেন এই পুলিশ কর্মকর্তা।
