সংবাদ · রাজনীতি
ধর্ম যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার: রাষ্ট্রপতি
২১/১০/২০২৬

সব ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।’বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগমও উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান–সবাই এই ভূখণ্ডের সমান নাগরিক। সংবিধান প্রত্যেককে সমঅধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে এবং এই লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।বিশ্বজুড়ে চলমান সহিংসতা ও অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে যখন যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক হানাহানি চলছে, তখন বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব উদযাপন করছে। এটিই আমাদের সবচেয়ে বড় জাতীয় অর্জন।’ সাম্প্রদায়িক সম্প্রীতিকে দেশের মূল শক্তি ও অস্তিত্ব হিসেবে উল্লেখ করে যেকোনো মূল্যে তা অক্ষুণ্ণ রাখার তাগিদ দেন তিনি।গুজব ও ধর্মীয় উগ্রতার বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, নানা সময়ে অপপ্রচার ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালানো হয়। এসবের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে এবং তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে।বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই উৎসবের মূল বাণী হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও কল্যাণের জয়। কোনো নাগরিক যেন ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে বৈষম্য কিংবা নিপীড়নের শিকার না হন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে অনুষ্ঠানে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।/
মূল প্রতিবেদনে যান ↗