- ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এয়ারপোর্টের বাঁকড়া এলাকায় যশোর রোডে উপর বৃহস্পতিবার উল্টে গেল একটি তেলের ট্যাঙ্কার। এই দুর্ঘটনার জেরে বড়োসড়ো বিপত্তিও ঘটল। ট্যাঙ্কার থেকে দু’লেনেই গড়িয়ে যায় ডিজেল। সেই তেলে স্লিপ কেটে আছাড় খেয়ে পড়েন বহু বাইকচালক। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যশোর রোড। ফলে, তীব্র যানজট শুরু হয়। অফিস টাইমে দুর্ভোগে পড়েন অনেকেই। দুর্ঘটনার পর গাড়িতেই আটকে গিয়েছিলেন চালক। ট্রাফিক পুলিশের তৎপরতায় রক্ষা পেয়েছেন তিনি। তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাস্তার উপর ঘন করে বালি ফেলে ফের যান চলাচল শুরু করায় পুলিশ।
ডিজেল ভর্তি ওই ট্যাঙ্কারটি কলকাতা থেকে বারাসতের দিকে যাচ্ছিল। বাঁকড়ার কাছে বারাসতমুখী লেনে ট্যাঙ্কারের সামনের চাকা আচমকা ফেটে যায়। তারই জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি মাঝখানের ডিভাইডারের উপর উল্টে যায়। মাঝখানে ট্যাঙ্কারটি আছড়ে পড়ায় দু’দিকের লেনেই তেল গড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে কর্মরত ট্রাফিক পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তখনও ট্যাঙ্কার থেকে তেল বের হচ্ছিল। গাড়িটির ভিতরে আটকে পড়েছিলেন চালক। পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কার উল্টে গেলে অনেক সময় আগুন ধরে যায়। তাই সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে চালককে উদ্ধার করা হয়। দু’দিনের লেনই তখন বন্ধ হয়ে পড়েছে। তারপর ক্রেনের সাহায্যে গাড়িটিকে সোজা করে সরানো হয়।
রাস্তার উপর তেল পড়ে থাকায় দুর্ঘটনা এড়াতে পুলিশই ঘন করে বালি ছড়ায়। তারপর শুরু হয় যান চলাচল। তবে, যান চলাচল শুরুর পরেও বেশ কয়েকজন বাইক ও স্কুটারচালক স্লিপ কেটে আছড়ে পড়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন জখমও হয়েছেন। অফিসযাত্রীরা জানিয়েছেন, এদিন সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ২ ঘণ্টা যানজট ছিল। সকাল সাড়ে ১০টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
