চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে আটক করেছে তামাবিল ল্যান্ড পোর্ট ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি ভারত যাওয়ার জন্য তামাবিল স্থলবন্দরে পৌঁছলে নথিপত্র যাচাই-বাছাইয়ের সময় তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, কামাল আহমেদ মেডিকেল ভিসায় ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ইমিগ্রেশন ডেস্কে তার ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট যাচাই-বাছাই করার সময় সার্ভারে তার পাসপোর্ট ব্লক (ব্ল্যাকলিস্টেড) দেখতে পান দায়িত্বরত কর্মকর্তারা। ফলে ইমিগ্রেশন প্রক্রিয়া স্থগিত করে তাকে হেফাজতে নেওয়া হয়।
আটক নেতার স্বজনদের দাবি, বৈধ ও হালনাগাদ পাসপোর্ট দেখেই ভারতীয় হাইকমিশন তাকে ভিসা প্রদান করেছে। সেই অনুযায়ী তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা নিতে যাচ্ছিলেন।
ইমিগ্রেশন পুলিশ জানায়, তার পাসপোর্টের নিষেধাজ্ঞা ও ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য জৈন্তাপুর মডেল থানার মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যালয়ে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক কামাল চেয়ারম্যানকে পাসপোর্ট ও ভ্রমণ নথিপত্র চূড়ান্ত যাচাই-বাছাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
