বিদেশে ভ্রমণ, চিকিৎসা, কেনাকাটা ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে বাংলাদেশিদের ব্যাংক কার্ড ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশে ইস্যু করা বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে বিদেশে মোট ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন বাংলাদেশি নাগরিকরা। এর মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি ৫০৫ কোটি টাকা খরচ হয়েছে। এ ছাড়া ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ব্যয় হয়েছে ৬০ কোটি টাকা। বিদেশে ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট ব্যয়ের ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে। এর পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ড (১০ দশমিক ৮৬ শতাংশ), যুক্তরাজ্য (৯ দশমিক ৭৫ শতাংশ), ভারত (৯ দশমিক ১২ শতাংশ) এবং সিঙ্গাপুর (৭ দশমিক ৯৮ শতাংশ)।
বিদেশে ব্যয়ের পাশাপাশি গত পাঁচ বছরে দেশের ভেতরেও সামগ্রিক কার্ডভিত্তিক ডিজিটাল লেনদেনে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরে কার্ডের মাধ্যমে লেনদেনের আর্থিক আকার বেড়েছে প্রায় ১০৩ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যেখানে কার্ডে মোট লেনদেনের পরিমাণ ছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা, চলতি বছরের আগস্টে তা দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়। একই সময়ে ব্যাংক কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ৯৬ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ইস্যুকৃত কার্ডের সংখ্যা ২ কোটি ৭০ লাখের কিছু বেশি থাকলেও চলতি বছরের আগস্টে তা উন্নীত হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে। এর মধ্যে ৪ কোটি ৮ লাখ ৮৭ হাজার ৮০৪টি ডেবিট কার্ড, ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি প্রিপেইড কার্ড এবং ২৮ লাখ ৫ হাজার ৪৪৯টি ক্রেডিট কার্ড রয়েছে।
সার্বিক লেনদেন ইতিবাচক ধারায় থাকলেও আগস্টে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচের ক্ষেত্রে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। আলোচ্য মাসে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে মোট ৪ হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের মাস জুলাইয়ের ৪ হাজার ৩২৫ কোটি টাকার চেয়ে ৫ দশমিক ৪৪ শতাংশ কম। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আগস্টে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি ১ হাজার ৯৬৯ কোটি টাকা খরচ করা হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এ ছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি টাকা, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি টাকা এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয়ে ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকেরা।
অন্যদিকে বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে তাঁদের আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ব্যয়ের পরিমাণ বাড়িয়েছেন। গত আগস্টে বাংলাদেশে বিদেশি কার্ডের মাধ্যমে মোট ২৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের মাস জুলাইয়ের তুলনায় এই ব্যয়ের পরিমাণ ৬ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। তবে বার্ষিক হিসাবে এই প্রবৃদ্ধি আরও চমকপ্রদ; গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের একই সময়ে বিদেশি কার্ডে লেনদেন বেড়েছে প্রায় ৩৪ দশমিক ৬৬ শতাংশ।
