পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সোমবার (১২ অক্টোবর) সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার।
আলোচনায় অভিবাসন ব্যবস্থাপনা, প্রত্যাবাসন এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো স্থান পায়।
প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার লক্ষ্যে বাস্তবসম্মত, চাহিদা-ভিত্তিক ও ফলাফল-মুখী 'মোবিলিটি করিডোর'-এর মাধ্যমে বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীদের জন্য সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।
এ"ছাড়া, 'নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক গ্লোবাল কমপ্যাক্ট'-এর লক্ষ্যগুলো বাস্তবায়নে সরকারের গৃহীত 'জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০'-এর বিষয়টিও তিনি তুলে ধরেন।
ইউরোপীয় ইউনিয়নের কমিশনার 'ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ' উপস্থাপন করেন, যার লক্ষ্য হলো উৎস ও ট্রানজিট দেশ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসন রোধ করা।
প্রতিমন্ত্রী সহযোগিতার বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধ ও মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো– যেমন নথিপত্র জালিয়াতি ও অপরাধী চক্রের বিরুদ্ধে উদ্যোগ সম্পর্কে কমিশনারকে অবহিত করেন।
নিয়মিত অভিবাসনের পথ সুগম করার লক্ষ্যে অনিয়মিত অভিবাসনের মূল কারণগুলো সমাধানের গুরুত্বের ওপরও তিনি পুনরায় জোর দেন।
বিষয়টি সামগ্রিকভাবে মোকাবিলার জন্য সমন্বিত উদ্যোগের গুরুত্ব স্বীকার করে উভয় পক্ষই অভিবাসন খাতে সহযোগিতা জোরদারে সম্মত হয়।
প্রতিমন্ত্রী ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাসহ বহুমুখী অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষই পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে ধারাবাহিক আলোচনা ও নিবিড় সহযোগিতা বজায় রাখতে সম্মত হয়।
এনআই/বিআরইউ
