রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২ টন ধারণক্ষমতার ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো. আরিফ হোসেন (৩২)। পুলিশের ভাষ্য অনুযায়ী, রমজান আলী এ চালানের মূল মাদক কারবারি।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ।
পরে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তির কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাঁদের আটক করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মাদকের আনুমানিক ওজন তিন কেজি এবং বাজারমূল্য ৯০ লাখ টাকা।
