কানাডার আলবার্টায় ক্যানাডিয়ান ফোর্সেস বেস ওয়েইনরাইটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় শনিবার অটোয়ায় সাংবাদিকদের সামনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েইনরাইটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে।’
তবে কতজন নিহত বা আহত হয়েছেন এবং ঘাঁটিতে কী কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
প্রতিরক্ষামন্ত্রী জানান, শনিবার সন্ধ্যাতেও ঘাঁটিতে বড় আকারে আগুন জ্বলছিল। তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ে না।’
তিনি জানান, কানাডীয় সামরিক বাহিনী ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, জাতীয় সরকার ‘আলবার্টা সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে’।
২০২১ সালের তথ্য অনুযায়ী, সিএফবি ওয়েইনরাইট ঘাঁটিতে ১ হাজার ৩১০ জন সামরিক ও বেসামরিক কর্মী নিয়োজিত ছিলেন। ঘাঁটির ঠিক উত্তরে ওয়েইনরাইট শহরের অবস্থান। শহরটির জনসংখ্যা প্রায় ৬ হাজার ৬০০।
স্থানীয় পৌর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আগুন ঘাঁটির সীমানাপ্রাচীর পেরিয়ে পাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়নি। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি