দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৭:২৭ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে সরকারী নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকেরা।
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিলাররা সার বিক্রি করছে বলে অভিযোগ কৃষকদের।
সারের অভাবে কৃষকরা আলু চাষে ব্যাঘাত ঘটছে। দ্রুত সময়ের মধ্যে বক্তাবলীর ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ডিসি অফিস ঘেরাও করার হুশিয়ারি দিয়েছে কৃষকরা।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে বক্তাবলীর কানাইনগর বেকারী মোড়ে বিক্ষোভ কর্মসূচিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: বাদশা মাদবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তাবলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি রহমত উল্লাহ, কৃষক আমিন উদ্দিন বেপারী, সানা উল্লাহ, আল আমিন, আফাজ উদ্দিন, আল আমিন হ্রদয়, কামাল হোসেন, মো: হাসান শেখ, সফিউল্লাহ, আব্দুল ওয়াদুদ, মঞ্জু, আব্দুল আলিম, সেরুন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বক্তাবলী ইউনিয়নের কৃষকেরা সারের ডিলার আমির হোসেনের কাছে জিম্মি হয়ে পড়েছে। তিনি কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা আদায়ের লক্ষ্যে তার কর্মচারী, ভাই সহ তার নিজস্ব লোক দিয়ে সারের ডিলার করা হয়। যাতে করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করছে। সরকার সারের দাম প্রতি বস্তা ১৩'শ ৫০ টাকা নির্ধারিত করলেও ডিলাররা দাম রাখছে ১৮'শ টাকা থেকে ১৮'শ ৫০ টাকা। সার বিক্রি করলে কৃষককে মেমো দেয়ার নিয়ম থাকলেও মেমো দেয়া হয় না। আর যদি মেমো দেয়া হয় তাহলে ১৮'শ টাকা রাখলে মেমো দেয় ১৩'শ ৫০ টাকার। এতে কেউ প্রতিবাদ করলে নানা অজুহাত দেখানো হয়। কৃষকদের মধ্যে প্রতিবাদ করলে সার সংকট দেখিয়ে বলে সার নাই। অথচ গোডাউনে পর্যপ্ত পরিমাণের রয়েছে। কৃষক বাচাও দেশ বাচাও এমন স্লোগানে এগিয়ে চললেও সারের অসাধু ডিলাররা সরকারের সুনাম নষ্ট করতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছে।
বক্তারা আরও বলেন, বক্তাবলীর ডিলারদের বিরুদ্ধে কৃষকরা উপজেলা কৃষি কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করলেও তারা বক্তাবলীতে আসলেও মুরগীর মাংস দিয়ে ভাত খেয়ে পকেট ভারী করে চলে যায়।
অসাধু ডিলারদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ না নিয়ে চলে যায়। তাতে করে কৃষকরা পড়ে যায় বিপাকে। সারের ডিলার আমিরের কাছে জিম্মি বক্তাবলী ইউনিয়ন কৃষকরা। বক্তাবলী ইউনিয়নে আমির হোসেন একটা দোকান থেকে ৫ টি ডিলার নিয়ন্ত্রণ করে। যার কারনে কৃষকরা সরকারি নির্ধারিত দামে সার পাচ্ছে না।
