জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে নিজের ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার গভীর রাতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ফাঁকফোকর খুঁজে তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দিয়ে দিলে তিনি নিজেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন।
স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম মাদকের ভয়াবহতা নিয়ে কোনো কথা না বলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খোঁজার পরামর্শ দিয়েছেন। আগে মাদকের বিষয়টি সমাধান করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে নতুন কোনো ইতিবাচক পরিবর্তন উপহার দেওয়ার বিষয়ে এনসিপি ব্যর্থ বলে দাবি করেন ইশরাক।
ইশরাক হোসেন আরও বলেন, পুলিশ সঙ্গে নিয়ে এবং আইনপ্রণেতা হয়েও মাদক নির্মূল অভিযানে গিয়ে যদি ফৌজদারি মামলার মুখোমুখি হতে হয়, তবে এমন রাজনীতি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়। স্ট্যাটাসের শেষ অংশে মাদক কারবারিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বড় ডিলারদের দমনে এবার নতুন কৌশলে ব্যবস্থা নেওয়া হবে।
