গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ হওয়ার ২০ দিন পর বগুড়ার শিবগঞ্জ থেকে মোছা. মিতু আক্তার মনি (২৫) ও তার মেয়ে আমাতুল্লাহ আকছাকে (৫) উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া মিতু আক্তার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের মো. মশিউর রহমানের মেয়ে।
এসআরবি জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মেয়েকে নিয়ে বাসার নিচ থেকে নিখোঁজ হন মিতু। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ১ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মা-মেয়েকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) রাতে এসআরবি-১৩ এর রংপুর সদর কোম্পানি ও এসআরবি-১২ এর বগুড়া ক্যাম্পের একটি যৌথ দল শিবগঞ্জ পৌরসভার হাইস্কুলপাড়া এলাকায় মো. আজিজুল হকের (৪৫) ভাড়াবাসায় অভিযান চালায়। সেখান থেকে নিখোঁজ মা-মেয়েকে উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া মা-মেয়েকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নিখোঁজের ঘটনা, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
