রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক দেবশ্রী দোলনের বিরুদ্ধে এক শিক্ষার্থীর দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় রেজাল্টে আইডি ভুল আসা এবং পূর্বে নম্বর পরিবর্তনের (মার্ক টেম্পারিং) অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলেছেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মেহেদী বিন হাসান।
শিক্ষার্থী মেহেদী বিন হাসানের অভিযোগ, সম্প্রতি প্রকাশিত রেজাল্টে তার আইডি নম্বর ভুল এসেছে এবং পূর্বে তার সাথে মার্ক টেম্পারিং করা হয়েছে।
তিনি আরো অভিযোগ করে বলেন, ”দ্বিতীয় সেমিস্টারে ম্যামের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট ও মিডটার্ম পরীক্ষায় আমাকে টার্গেট করে নম্বর কম দেওয়া হয়েছিল। তদন্ত করলেই এর প্রমাণ পাওয়া যাবে। আজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত ৪র্থ সেমিস্টারের ফলাফলেও আমার আইডি নম্বর (২৩০৪০১১৫)-এর জায়গায় ভুল আইডি (২৩০৪০১১৩) দেওয়া হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। আমাকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যা আমার ভবিষ্যৎ ও স্বপ্নকে হুমকির মুখে ফেলেছে। অন্যায়ের প্রতিবাদ করায় পরবর্তীতে কোনো প্রকার একাডেমিক, শারীরিক বা মানসিক ক্ষতির শিকার যেন না হতে হয়—সেজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (বা প্রশাসন প্রধান) কাছে নিরপেক্ষ তদন্ত, সঠিক রেজাল্ট পুনর্নির্ধারণ ও সার্বিক নিরাপত্তার দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের কাছে জানতে চাইলে তিনি বলেন “রেজাল্টে আইডি ভুলের ঘটনাটি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের টাইপ মিস্টেক বা কোনো কারণে ভুল হতে পারে। এছাড়া মেহেদির তোলা মার্ক টেম্পারিংয়ের অভিযোগের বিষয়ে আমি কিছু জানিনা।”
আইডি নাম্বারের বিষয়ে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,“মেহেদির পূর্বে দুই শিক্ষার্থী ভর্তি বাতিল করার কারণে ক্রমানুসারে সাজাতে গিয়ে ভুল হয়ে যায় পরবর্তীতে এটা সংশোধন করে পাঠানো হয়েছে। ”
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. আব্দুস সোবাহান বলেন,”আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
