স্পোর্টস ডেস্ক।।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের সংখ্যায় সবার আগে ভারত। শনিবার (২৪ অক্টোবর) নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। তবে জয়-হারের অনুপাতে ভারতের চেয়েও এগিয়ে আফ্রিকার ছোট দেশ উগান্ডা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ খেলে ভারতের জয় ২০০টি। জয়ের হার ৭১.২০ শতাংশ। অন্যদিকে, মাত্র ১৩১ ম্যাচে ১০১ জয় পেয়েছে উগান্ডা। তাদের জয়-হারের অনুপাত ৩.৭৪, যেখানে ভারতের ২.৪০৯। অর্থাৎ, এই পরিসংখ্যানে ভারতকে ছাড়িয়ে গেছে উগান্ডা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১০০ জয়ের কীর্তি আছে মাত্র নয়টি দলের। সেই তালিকায় নবম স্থানে রয়েছে উগান্ডা। বাংলাদেশের পরিসংখ্যান অবশ্য ভিন্ন। ২২২ ম্যাচে ৮৯ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ১২৮টি, জয়-হারের অনুপাত ০.৬৯৫।
শনিবার (২৪ অক্টোবর) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বে মোজাম্বিককে ১০ উইকেটে হারিয়েছে উগান্ডা। আগে ব্যাট করে মাত্র ১৯ রানে গুটিয়ে যায় মোজাম্বিক। জবাবে মাত্র পাঁচ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা। টি-টোয়েন্টিতে রান তাড়ায় সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের তালিকায় এটি যৌথভাবে দ্বিতীয়। ২০২৩ সালে আইল অব ম্যানের বিপক্ষে ১১৮ বল হাতে রেখে জিতে শীর্ষে রয়েছে স্পেন।
তবে উগান্ডার সামনে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ তুলনামূলক কম। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল তারা। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে একটি এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে দলটি।
